ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সায়েদাবাদে লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান।
তিনি বলেন, এতে বাসের কয়েকজন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে এর বেশি তথ্য দিতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা। তবে বিভিন্ন টেলিভিশন জানাচ্ছে, নিহতের সংখ্যা ৬।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রাবাড়ী-মিরপুর রোডের ঢাকা সিটি সুপার সার্ভিসের একটি যাত্রীবাহী বাস বিকাল ৫টার দিকে রেলক্রসিং এর ওপর উঠামাত্র বন্ধ হয়ে যায়। যানজটের কারণে বাসটি রেললাইনের ওপর আটকে ছিলো। এ সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়।
এরপর ঘটনাস্থলে ৬-৭ জনের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায় বলেও জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/এসআইএন/এজে/এমআই/১৮০৮ ঘ.
bdnews24