২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুটি কর অঞ্চল চট্টগ্রামে

আয়কর আদায়ের কাজ গতিশীল করতে চট্টগ্রামে আরো দুটি কর অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 10:12 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর আদায়ের কাজ গতিশীল করতে চট্টগ্রামে আরো দুটি কর অঞ্চল প্রতিষ্ঠা করা হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম আয়কর বিভাগের অধীনে তিনটি কর অঞ্চল আছে। এর সঙ্গে চট্টগ্রামে একটি এবং কুমিল্লায় আরো একটি যোগ হচ্ছে। নতুন দুই কর অঞ্চল আগামী অক্টোবরেই কাজ শুরু করবে বলে বুধবার জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে চট্টগ্রাম আয়কর বিভাগ আয়োজিত পাঁচ দিনের 'আয়কর মেলা' পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আয়কর আদায় বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম আয়কর বিভাগের অধীনে চট্টগ্রাম ও কুমিল্লায় আরো দুটি নতুন কর অঞ্চল অক্টোবর মাসের মধ্যে চালু করা হবে।" এনবিআর চেয়ারম্যান বলেন, এবার আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় আর বাড়বে না। তবে কারো ব্যক্তিগত সমস্যা থাকলে আবেদন করে সময় নিতে পারবেন। ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) দাখিলের সময়সীমা বৃহস্পতিবার শেষ হচ্ছে। আয়করদাতাদের উৎসাহ ও ঝামেলামুক্ত পরিবেশে কর দিতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে আয়কর মেলা। ঢাকা ও চট্টগ্রামে পাঁচ দিনের এ মেলা বৃহস্পতিবারই শেষ হচ্ছে। আয়কর মেলা থেকে করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) সংগ্রহ করা যাবে এবং আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়া যাচ্ছে। এছাড়া কর দেওয়া ও আনুষঙ্গিক তথ্য জানা যাচ্ছে সেখানে। এবিআর চেয়ারম্যান জানান, পরবর্তী সময়ে সাতটি বিভাগীয় শহরে আয়কর মেলা আয়োজন করা হবে। চট্টগ্রামে মেলার প্রথম তিনদিনে ২৫ কোটি টাকার বেশি আয়কর আদায় হয়েছে বলে জানান চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার রমেন্দ্র চন্দ্র বসাক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার মেলায় ২৩ কোটি দুই লাখ টাকা, সোমবার ১ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার টাকা এবং রোববার ৭৭ লাখ ৩৯ হাজার টাকা আয়কর আদায় হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন আহমেদ বলেন, অক্টোবর মাসের মধ্যেই চট্টগ্রামে বন্ড কমিশন গঠন এবং কাস্টমস হাউজের আমদানি-রপ্তানি শাখা এক করার কাজ শেষ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএ/এমআই/১৬০০ ঘ.