বাগেরহাট, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে একটি বরফকলে বুধবার সকালে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট বিষক্রিয়ায় বস্তিবাসী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এক শিশুসহ আরো তিন জন।
পুলিশ জানায়, সকাল সোয়া ১০টার দিকে শহরের কেবি মাছবাজার এলাকায় প্রিন্স আইস ইন্ডাস্ট্রিতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় হতাহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।
নিহত মাজেদা বেগম (৬৫) বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার মৃত হাছেন মোল্লার স্ত্রী। তিনি বরফকল সংলগ্ন বস্তিতে থাকতেন।
এছাড়া অসুস্থ হয়ে পড়েছেন বরফকলে কাজ করতে আসা কাঠমিস্ত্রি নিরাপদ (৫৮), একই বস্তির বাসিন্দা জালাল খাঁর স্ত্রী পিয়ারা বেগম (৪০) ও খালেক শেখের মেয়ে সনিয়া (১০)।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কমলেশ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় গুরুতর আহত অবস্থায় চার জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মাজেদা বেগম চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মারা যান।
এছাড়া আশঙ্কাজনক অবস্থায় নিরাপদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রিন্স আইস ইন্ডাস্ট্রির স্বত্তাধিকারী মো. নিয়াজ ইকবাল শৈবাল জানান, বুধবার সকালে কলে বরফ উৎপাদনের কাজ চলছিলো। সকাল সোয়া ১০টার দিকে আকস্মিকভাবে বিকট শব্দে অ্যামোনিয়া গ্যাসের একটি সিলিণ্ডার বিস্ফোরিত হয়ে উত্তর পাশের দেয়ালের একটি অংশ ধসে দেয়ালের ওপাশের বস্তিতে গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হক জানান, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩৩ ঘ.
bdnews24