পাবনা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার জেলার প্রশাসক এএফএম মনজুর কাদির ও পুলিশ সুপার জামিল আহমেদকে প্রত্যাহার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন মিয়াজিকে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া সদর থানার ওসি মতিয়ার রহমানকেও প্রত্যাহার করা হয়েছে বলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা প্রশাসককে বদলি করে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া এদিন স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে পুলিশ সুপার জামিল আহমেদকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে ন্যস্ত করা হয়।
এর আগে সোমবার পাবনা সদরের ইউএনও আবদুল আলীমকে ভোলার মনপুরায় বদলি করা হয়।
গত ১৭ সেপ্টেম্বর পাবলা জেলা প্রশাসন কার্যালয়ের অফিস সহকারী পদে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করে দেয় সরকারি দলের সমর্থক সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। ওই সময় হামলায় আহত হন অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৫ জন কর্মকর্তা-কর্মচারী।
পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এবং এনডিসি মঈনুল হোসেন বাদী হয়ে ওই রাতেই জেলা ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পৃথক দুইটি মামলা করেন।
গত ২৩ সেপ্টেম্বর পাবনার প্রশাসনিক কর্মকর্তারা সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় ছাত্রলীগ-যুবলীগের ওই তাণ্ডবের কথা তুলে ধরে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেন।
ওইদিনের ঘটনা তুলে ধরে কয়েকজন সরকারি কর্মকর্তা কেঁদেও ফেলেন। কেউ কেউ বলেন, চাকরি জীবনে এ ধরনের ঘটনার মুখোমুখি আর কখনো হননি তারা।
সভায় অংশ নেওয়া সবাই সরকারি কর্মকর্তাদের ওপর হামলার জন্য দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/ডিডি/এএনএস/এইচএ/২২২৫ ঘ.
bdnews24