ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগে সিলেট মহানগর ছাত্রদলের এক নেতাকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
পিটুনির শিকার মতিউল বারী খোরশেদ সিলেট মহানগর ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটির সহ-সাধারণ সম্পাদক। তিনি ব্রাক ব্যাংকের সিলেট, জিন্দাবাজার শাখায় কর্মরত।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই তরুণীর সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিলো বলে মতিউল দাবি করেছেন। সন্ধ্যায় শাহবাগ মোড়ে তরুণীটির সঙ্গে তিনি দেখা করতে আসেন।
কিন্তু ওই তরুণী অভিযোগ করেছেন, তিনি বিবাহিত এবং মতিউল তাকে অনেকদিন ধরেই উত্ত্যক্ত করে আসছে। এদিন সন্ধ্যার পর আবারো উত্যক্ত করার চেষ্টা করলে তিনি প্রতিবাদ জানান। আশপাশের লোকজন এ ঘটনা দেখে মতিউলকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
অভিযোগকারী ওই তরুণী একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা বলে পুলিশ জানিয়েছে।
রাত সাড়ে ১২ টায় পুলিশ কর্মকর্তা রেজাউল করিম বলেন, "উভয় পক্ষের অভিবাবকদের খবর দেওয়া হয়েছে। তরুণীর পরিবার চাইলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/প্রতিনিধি/এএনএস/এইচএ/০০৫৫ঘ.
bdnews24