ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রিড বিপর্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট একযোগে বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে এ ঘটনার পর কেন্দ্রের আটটি ইউনিটের সবকটি বন্ধ হয়ে যায়।
পরে সন্ধ্যা নাগাদ পর্যায়ক্রমে ছয়টি ইউনিট চালু করা হয়। দু'টি ইউনিট বন্ধ আছে।
তবে কী কারণে বিপর্যয় হয়েছে তা বলতে পারছে না কর্তৃপক্ষ।
এ ঘটনা তদন্তে পাওয়ার গ্রিড কোম্পানি লি.-এর উপ-মহাব্যবস্থাপক চৌধুরী আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বিকাল সাড়ে ৩টার দিকে তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছেন বলে জানান আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক।
আব্দুল খালেক বলেন, সকালে হঠাৎ গ্রিড বিপর্যয় হয়ে সব ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেলে শাহাজীবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ এনে পর্যায়ক্রমে ছয়টি ইউনিটে উৎপাদন চালু করা হয়।
চালু ইউনিটগুলো থেকে এখনো পুরোদমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
তিনি আরো জানান, ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লি. থেকে বর্তমানে ৩০০ মেগাওয়াট উৎপাদিত হচ্ছে।
এতে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলে ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24