মাদারীপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদের সম্পর্কে অশোভন উক্তি করার অভিযোগে মামলা হয়েছে মাদারীপুরের একটি আদালতে।
মঙ্গলবার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন দৈনিক খবরের মাদারীপুর প্রতিনিধি আক্তার হোসেন বাবুল।
বিচারক অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- জেলা শহরের পুরান বাজার এলাকার মোসলেহ উদ্দিন ফারুক, বাবুল হাওলাদার ও আবুল বাশার।
মামালার বাদী আক্তার হোসেন বাবুল জানান, গত ১১ সেপ্টেম্বর পুরান বাজার বড় মসজিদে (মসজিদ-ই-নুর) ঈদের জামাতে আলোচনায় অংশ নিয়ে স্থানীয় হোমিও চিকিৎসক মোসলেহ উদ্দিন ফারুক হাজার হাজার মুসল্লির উদ্দেশে বলেন, ছেলেমেয়ের নাম 'জয়' ও 'পুতুল' রাখলে 'কাফের' হয়ে যাবে। এছাড়া তিনি আরো নানা অশালীন বক্তব্য দেন, যা ঔদ্ধত্যপূর্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৪ ঘ.
bdnews24