ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরতের শেষের দিকে কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে মঙ্গলবার প্রায় অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা।
গাবতলী থেকে শাহবাগ, মিরপুর, উত্তরা, বনানী, পুরান ঢাকা, মগবাজার, মৌচাক, মোহাম্মদপুর, শান্তিনগর, বাসাবো ও মুগদাসহ নগরীর বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায়।
নগরীর বিভিন্ন রাস্তায় ইঞ্জিনে পানি ঢুকে বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। ফলে অধিকাংশ সড়কেই তীব্র যানজটের সৃষ্টি হয়।
এতে পথচারীসহ অফিস ফেরত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। রাজধানীর নিচু এলাকায় অধিকাংশ ঘর ও দোকানেও পানি ঢুকে।
বিকেল সাড়ে পাঁচটার দিকে অফিস থেকে উত্তরার বাসার উদ্দেশে বের হন আসাদগেট শাখায় কর্মরত বেসরকারি ব্যাংক কর্মকর্তা সাদিয়া আফরীন।
তিনি বলেন, "জলাবদ্ধতার কারণে যানজটে গাড়ী চলাচল কম এবং সড়কে পানি জমে যাওয়ায় প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করেও বাসে উঠতে পারছি না।"
ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মুনিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘন্টায় ঢাকা মহানগরীতে মোট ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার রাতে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানান তিনি।
ঢাকা ওয়াসার চেয়ারম্যান গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগরীতে বৃষ্টি হয়েছে। তবে কোথাও জলাবদ্ধতা সৃষ্টির খবর পাওয়া যায়নি।"
গত বছরের ২৮ জুলাই রাজধানীতে ৩৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয় । তখনও নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এলএইচ/এএনএস/এইচএ/১৯৪৬ ঘ.
bdnews24