চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁপাইনবাবগঞ্জ-সোনাসমজিদ স্থল বন্দর মহাসড়কের মহারাজপুর এলাকায় মঙ্গলবার দুপুরে বাস ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
নিহতরা হলেন, ভোলাহাট উপজেলার সুরানপুর পাঁচটিকরী গ্রামের সোহরাব আলী (৬৫)। আহত হন সোহরাবের স্ত্রী মনোয়ারা বেগম (৫৩), মেয়ে সাবেদা খাতুন (৩০) এবং মিশুক চালক শিবগঞ্জ উপজেলার ওমরপুর গ্রামের লালচাঁদ(৩০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহারাজপুর এলাকায় দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জগামী একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মিশুকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ চার মিশুক যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
হামপাতালে কর্তব্যরত চিকিৎসক সোহবার আলীকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক/প্রতিনিধি/এলএন/এমআই/১৯০০ ঘ.
bdnews24