২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দফা রিমান্ড শেষে ডিউক কারাগারে

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 12:37 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউককে কারাগারে পাঠানো হয়েছে। তিন দফায় আটদিন হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির আর হেফাজত আবেদন না থাকায় মঙ্গলবার ডিউককে কারাগারে পাঠানো হয়। ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন এ আদেশ দেন। সর্বশেষ গত শনিবার ডিউককে জিজ্ঞাসাবাদের জন্য আরো দুইদিন হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছিল সিআইডি। সে সময় তার পক্ষে হেফাজতের আবেদন বাতিল চাওয়া হলে শুনানি শেষে তা নাকচ করেন বিচারক। ডিউককে কেন জামিন দেয়া হবে না তা জানাতে সোমবার হাইকোর্ট সরকারকে তিন সপ্তাহ সময় দেয়। ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ' আহত হন। গত ২৬ অগাস্ট ডিউককে এ মামলায় গ্রেপ্তার করা হয়। সে সময় তার পক্ষে জামিন আবেদন করা হলে তা নাকচ করেন বিচারক মো. আলী হোসাইন। গত ২৬ অগাস্ট ডিউককে চারদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ৩১ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়। ২১ সেপ্টেম্বর তাকে আরো দুইদিন হেফাজতে নেয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন ডিউকের জামিন আবেদন নাকচ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮৩২