ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ হাজার টাকা দামের ল্যাপটপ আগামী ছয় মাসের মধ্যে বাজারে আনতে যাচ্ছে সরকার।
টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু মঙ্গলবার সংসদে একথা জানান।
স্বল্পমূল্যের এ ল্যাপটপ তৈরি করছে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেসিস)।
মাগুরা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এস এম সিরাজুল আকবরের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে ১০ হাজার টাকা দামের ল্যাপটপ কম্পিউটার বাজারে আনার আশা করছি।
বর্তমান সরকারের পদক্ষেপে টেসিস লাভজনক হয়েছে জানিয়ে তিনি বলেন, "আমরা যখন ক্ষমতায় আসি তখন টেসিস বন্ধ হওয়ার উপক্রম ছিলো। প্রধানমন্ত্রীর নির্দেশে তা আবার সক্রিয় করা হয়েছে।"
রাজু জানান, টেসিসি গত বছর ১৯ কোটি টাকা লোকসান হলেও এ বছর ৫ কোটি টাকা লাভ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭১৯ ঘ.
bdnews24