ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের শুরুতেই উড়াল সেতু নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে বলে তিনি জানান।
এছাড়া রাজধানীর পরিবহন সমস্যা দূর করতে কমিউটার ট্রেন সার্ভিস চালু করা হবে বলে তিনি জানান।
মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটলে অনুষ্ঠিত এক কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
'ওয়ার্কশপ অন গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট, কোরিডোর প্রজেক্ট' শীর্ষক এ কর্মশালার আয়োজন করে সড়ক ও জনপথ বিভাগ এবং এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
যানজট সমস্যার ব্যাপারে মন্ত্রী বলেন, "রাতারাতি এ সমস্যার সমাধান করা যাবে না। তবে বিগত যে কোন সরকারের চেয়ে বর্তমান সরকার দ্রুত গতিতে সব কাজ সম্পন্ন করছে।"
তিনি আরও বলেন, "এ সরকারের মেয়াদ কালেই উড়াল সেতুর উল্লেখযোগ্য কাজ শেষ হবে। এ প্রকল্পে কোন অর্থের অভাব হবে না এবং দাতাদের সহযোগিতা থাকবে।"
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, "দ্রুত গণপরিবহনের জন্য বিশেষ লেনের মাধ্যমে বাস চলাচলের ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে উত্তরা-টঙ্গী-গাজীপুর রুটে এ সার্ভিস চালু করার জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে। শিগগিরই এ কাজ শুরু করা হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে এডিবি প্রতিনিধি স্টিফান ইকুলেন্ড বলেন, "গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট করিডর প্রজেক্টের আওতায় পাবলিক পরিবহন ব্যবস্থা বাড়ানো এবং অযান্ত্রিক পরিবহন ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। এ ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।"
সড়ক ও জনপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান বলেন, "এ প্রকল্পের আওতায় ৬টি রুটে গণপরিবহনের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হবে। উত্তরা-টঙ্গী-গাজীপুর ২০ কিলোমিটার ব্যাপী রুটে শিগগিরই এ কাজ শুরু হবে। এ লেনে অন্য কোন বাস চলাচল করতে পারবে না। এছাড়া অন্য পাঁচটি রুটে গণপরিবহনে বিশেষ বাস সার্ভিস চলাচলের জন্য সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।"
সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মো. আব্দুল খালেক ও প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান লস্কর এতে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৪৩৪ ঘ.
bdnews24