শরীয়তপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে জাজিরা উপজেলায় এক ব্যক্তিকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী ফকির (৫০)।
জাজিরার বড়কান্দি ইউনিয়নের হামিজুদ্দিন ফকির কান্দি গ্রামে সোমবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় ২০ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জাজিরা থানার ওসি সৈয়দ আবদুল্লাহ জানান, মোহাম্মদ আলী ফকিরের বাড়ী জাজিরার পালেরচর ইউনিয়নের আফিরউদ্দিন ফকির কান্দি গ্রামে। সোমবার সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে পালেরচরের ঝিনুক বাজারে যান। রাতে দুজন ব্যক্তি ওই বাজারে এসে মোহাম্মদ আলী ফকিরকে ডেকে নিয়ে যায় পাশ্ববর্তী বড়কান্দি ইউনিয়নের হামিজুদ্দিন ফকির কান্দি গ্রামের একটি মাঠে। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।
জাজিরা থানা পুলিশ মঙ্গলবার লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পূর্বশত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
নিহত মোহাম্মদ আলীর ছেলে মোতালেফ ফকির বাদী হয়ে ২০ জনকে আসামি করে জাজিরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩২৭ ঘ.
bdnews24