ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক যাওয়া প্রধানমন্ত্রীর এক সফরসঙ্গীর ফিরে আসা প্রসঙ্গে কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত খবর ঠিক নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।
সোমবার নিউ ইয়র্ক থেকে পাঠানো প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নজরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, "প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন, 'উপ-প্রেস সচিব (ডিপিএস) মাহবুবুল হক শাকিলের ফেরত আসা নিয়ে প্রকাশিত খবর তথ্যভিত্তিক নয়। তিনি জরুরি কাজে দেশে ফিরে গেছেন।'"
নিউ ইয়র্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শাহনাজ গাজীর সঙ্গে অসদাচরণের কারণে শাকিলকে দেশে ফেরত পাঠানো হয় বলে সোমবার খবর প্রকাশ করে কয়েকটি বাংলা দৈনিক।
আবুল কালাম জানান, তাকে (শাকিলকে) স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তাও পুরোপুরি ভিত্তিহীন। তিনি ঢাকায় দায়িত্ব পালন করছেন।
কয়েকটি পত্রিকায় যে ধরনের অপ্রীতিকর ঘটনা নিউ ইয়র্কে ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে সে ধরণের কোনো ঘটনাও ঘটেনি বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২২৫২ ঘ.
bdnews24