২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ বিল পাস, জলাধার ভরাট করা যাবে না

জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাটে বিধিনিষেধ আরোপ করে 'পরিবেশ সংরক্ষণ (সংশোধনী) বিল-২০১০' সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 01:57 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাটে বিধিনিষেধ আরোপ করে 'পরিবেশ সংরক্ষণ (সংশোধনী) বিল-২০১০' সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। (বিস্তারিত) এর ফলে বিদ্যমান কোনো আইনে যাই থাকুক না কেন, জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণী পরিবর্তন করা যাবে না। আইন অমান্যকারীর সর্বোচ্চ ২ বছরের দণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। পরবর্তীতে এক্ষেত্রে প্রতিটি অপরাধে দুই বছর থেকে সর্বোচ্চ ১০ বছর ও সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আইন প্রণয়ন কার্যাবলীতে পরিবেশ সংরক্ষণ বিলটি পাসের জন্য উপস্থাপন করেন পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। পরিবেশ সংরক্ষণে বিদ্যমান আইনের সংশোধনীতে জলাধার ছাড়াও ঝঁকিপূর্ণ বর্জ্য, পাহাড় ও টিলা এবং পরিবেশগত সংকটাপন্ন এলাকার সংজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনের সংশোধনীতে বলা হয়, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে 'প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা' ঘোষণা করতে পারবে। পাহাড় কাটার বিষয়েও যুক্ত করা হয়েছে বিধি-নিষেধ। এছাড়া সংশোধিত আইনে, জাহাজ কাটা বা ভাঙ্গার ফলে যেন পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি না হয় তা জাহাজের মালিক-আমদানিকারক ও জাহাজ ভাঙ্গার কাজে ইয়ার্ড ব্যবহারকারীরা নিশ্চিত করতে বাধ্য থাকবেন। আইনটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের আগে অবশ্যই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে। পরিবেশ আইনটির সংশোধনীতে আরো বলা হয়েছে, আইন ও বিধিমালা লংঘনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও গোষ্ঠী পরিবেশ আদালতে সরাসরি ক্ষতিপূরণ মামলা করতে পারবেন। সংশোধিত আইনে বিভিন্ন মেয়াদের শাস্তি ও অর্থদণ্ডের বিধানাবলী যুক্ত করা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, পরিবেশ বিপর্যয় রোধে সময়ের চাহিদা পূরণের লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ আইনকে অধিকতর গতিশীল ও প্রায়োগিক করার উদ্দেশ্যে আইনটিতে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। গত ২৬ এপ্রিল পরিবেশ সংরক্ষণ বিষয়ে এই খসড়া আইনটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়। গত ১৪ জুলাই সংসদে বিলটি উপস্থাপিত হয়। পরে স্পিকার বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন। এছাড়া বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) বিল-২০১০ সংসদে পাস হয়। বিলটি পাসের জন্য উত্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন। বিলে ২০০০ সালে প্রণীত আইনে শিক্ষকদের কল্যাণে কার্যক্রম অধিকতর কার্যকর করতে কিছু সংশোধনী আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এএনএস/এইচএ/২০২৭ ঘ.