নরসিংদী, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা বাজারে আগুনে ৪০টি দোকান পুড়ে গেছে। এছাড়া আরো ছয়টি দোকান আংশিক পুড়েছে।
রোববার রাত সোয়া ২টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সোমবার সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে দুই কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। তবে দমকলের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড়কোটি টাকার মতো।
বাজারের ব্যবসায়ী ও মেঘনা সুপার মার্কেটের মালিক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাবিব মেকারের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে ভৈরব থেকে দমকল বাহিনীর একটি ইউনিট রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
রাত সোয় ৪টার দিকে নরসিংদী থেকে আরেকটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তাদের সহায়তা করে এলাকাবাসী।
সোমাবর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নরসিংদী দমকলের স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে ১৩টি কাপড়ের দোকান, ১৬টি জুতার দোকান, দু'টি সেলুন, একটি ডায়াগনস্টিক সেন্টারসহ ৩৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আরো ছয়টি দোকান আংশিক পুড়েছে।
প্রাথমিক হিসাবে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
নরসিংদীর জেলা প্রশাসক (ডিসি) অমৃত বাড়ৈ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের এক লাখ টাকা অর্থ সহায়তা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯৩৪ ঘ.
bdnews24