২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 01:28 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

বগুড়া, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হবে। সোমবার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। এ সময় আসামি মো. রফিকুল ইসলাম (৪০) আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, আদমদীঘি উপজেলার ডুমুরী গ্রামের মো. রফিকুল ইসলামের (৪০) সঙ্গে বিয়ের পর সালমা বেগম (৩৫) বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বাড়িতে হস্তশিল্পের কাজ শুরু করেন। কিছুদিন পর থেকে রফিকুল ইসলাম ওই বেসরকারি প্রতিষ্ঠানের লোকজনকে জড়িয়ে স্ত্রীর চরিত্র সম্পর্কে অশালীন মন্তব্য করতে থাকলে তাদের দাম্পত্য কলহ শুরু হয়। এর জেরে ২০০৪ সালের ২৫ জুলাই রাতে রফিকুল ইসলাম স্ত্রী সালমা বেগমকে হত্যার পর ঘরে লাশ ঝুলিয়ে রাখে। পরদিন রফিকুল নিজে বাদী হয়ে থানায় অস্বভাবিক মৃত্যুর মামলা দায়ের করে। লাশের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর ওই বছরের ২০ নভেম্বর সালমার বোন বেনু বিবি আদমদীঘি থানায় রফিকুল ইসলামসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অপর আসামিরা ছিলেন- একই গ্রামের সোলায়মান, মিনিট, মনির হোসেন, বেলাল হোসেন ও সাগর আহম্মেদ। ২০০৫ সালের ১৭ জুলাই শুধু রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৮ ঘ.