২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিটি উপজেলায় দমকল স্টেশন হবে: সাহারা

দেশের প্রতিটি উপজেলায় দমকল বাহিনীর একটি করে স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 05:43 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রতিটি উপজেলায় দমকল বাহিনীর একটি করে স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এজন্য নেওয়া প্রকল্পের আওতায় ১৫টি দমকল স্টেশন নির্মাণ সম্পন্ন হয়েছে। ১৮০টির নির্মাণ কাজ চলছে। প্রতিটি স্টেশনের নির্মাণ ব্যয় হবে এক কোটি ৮০ লাখ টাকা। রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর দমকল স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন আরো বলেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচার এ সরকারের আমলেই সম্পন্ন হবে। এজন্য তিনি সবার সহায়তা কামনা করেন। দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদুল্যাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাংসদ আকম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামালউদ্দিন সিকদার প্রমুখ বক্তব্য দেন। এরপর সকাল সাড়ে ১১টার দিকে তিনি গাজীপুর জেলা পুলিশ লাইনে পুলিশ কর্মকর্তদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশদের উদ্দেশে বলেন, মানুষ যাতে পুলিশকে ভয় না পেয়ে ভাই-বন্ধুর মতো কাছে পেতে পারে সেভাবে কাজ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এক হাজার ৮৫৫ জন পুলিশ নিয়ে শিল্প পুলিশের (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) কার্যক্রম শুরু হচ্ছে। তাদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা থাকবে। এতে শিল্প কারখানায় বিশৃঙ্খলা রোধ করা সম্ভব হবে। তিনি বলেণ, গাজীপুর সদরের জয়দেবপুর থানা একটি জনবহুল অঞ্চল। এখানে তিনটি থানা প্রয়োজন। বর্তমান সরকার ৩২ হাজার পুলিশ সদস্য নিয়োগের ব্যবস্থা নিচ্ছে। প্রাপ্তি সাপেক্ষে গাজীপুরে অগ্রাধিকার ভিত্তিতে পুলিশ সদস্য বাড়ানো হবে। মতবিনিময় সভায় সাংসদ আকম মোজাম্মেল হক, মেহের আফরোজ চুমকি, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদার, পুলিশ সুপারিনটেনডেন্ট এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন সিকদারসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা আইনশৃঙ্খলা সভায় যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৬ ঘ.