ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ুর পরিবর্তনে ২০৫০ সাল নাগাদ আট জেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর।
জাতীয় সংসদের রোববারের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মোসাম্মৎ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে এ আশঙ্কা প্রকাশ করেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি জানান, নোয়াখালী, লক্ষীপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, সাতক্ষীরা এবং বাগেরহাটের বিস্তীর্ণ উপকূলসহ অনেক এলাকা পানির নিচে তলিয়ে যেতে পারে।
পরিবেশ প্রতিমন্ত্রী জানান, সার্ক মেট্রোলজিক্যাল রিসার্স সেন্টারের গবেষণার তথ্য অনুযায়ী গত ২২ বছর হিরণ পয়েন্টে বঙ্গোপসাগরের উচ্চতা গড়ে চার মিলিমিটার বেড়েছে।
এ ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৩২ সেন্টিমিটার বাড়বে। ফলে দেশের আট জেলার উপকূলবর্তী বিস্তীর্ণ ভূমি পানিতে তলিয়ে যাবে।
সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিশ্ব উষ্ণায়নের প্রভাব বাংলাদেশ ১০ বছরব্যাপি পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনি বলেন, "এজন্য প্রাথমিকভাবে সরকার নিজস্ব তহবিল থেকে সাতশ কোটি টাকা বরাদ্দ দিয়ে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এর বাইরে দাতাদের সহায়তায় একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯০৮ ঘ.
bdnews24