ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন এবিএম খায়রুল হক।
আপিল বিভাগের এ বিচারপতিকে প্রধান বিচারপতি পদে নিয়োগ করে রাষ্ট্রপতির দপ্তর থেকে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
খায়রুল হক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন। ফজলুল করিম ৩০ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন। সেদিন থেকেই কার্যকর হচ্ছে খায়রুল হকের নিয়োগ।
চাকরির বয়স অনুযায়ী খায়রুল হকের ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের কথা।
গত বছরের ১৪ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক।
মাদারীপুর জেলার রাজৈর থানার আড়াইপাড়া গ্রামে ১৯৪৪ সালের ১৮ মে খায়রুল হকের জন্ম।
তিনি ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর ১৯৭৫ সালে লন্ডনের লিংকনস ইন থেকে বার অ্যাট ল' করেন।
খায়রুল হক ১৯৭০ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৬ সালে হাইকোর্টে এবং ১৯৮২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
তিনি ১৯৭৮ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষক ছিলেন।
১৯৯৮ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০০ সালের ২৭ এপ্রিল।
বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, সংবিধানের ৫ম সংশোধনী সংক্রান্ত রায়, স্বাধীনতার ঘোষণা ও ঘোষক সম্পর্কিত রায়, রেসকোর্স ময়দানে স্বাধীনতার স্মৃতি সংরক্ষণ বিষয়ে রায়, ঢাকার চার প্রধান নদী রক্ষার রায়, ঢাকার ট্যানারি সরানোর রায়ে খায়রুল হকের সম্পৃক্ততা রয়েছে।
খায়রুল হক বর্তমানে জুডিসিয়াল সার্ভিস কমিশনের প্রধানের দায়িত্বে আছেন।
আপিল বিভাগে খায়রুল হকের জ্যেষ্ঠ দুজন বিচারপতি আছেন। তারা হলেন- মো. আব্দুল মতিন ও বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24