২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হামলায় কব্জি হারালো একজন, অন্য দুই ভাইও আহত

সিলেট জজকোর্টের এক মহুরির ডান হাতের কব্জি কেটে আলাদা করেছে সন্ত্রাসীরা। আহত হয়েছে মহুরির দুই ভাইও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 10:25 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

সিলেট, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট জজকোর্টের এক মহুরির ডান হাতের কব্জি কেটে আলাদা করেছে সন্ত্রাসীরা। আহত হয়েছে মহুরির দুই ভাইও। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে নগরীর বাদামবাগিচা এলাকার তজম্মুল হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তার ছেলে সিলেট জজকোর্টের মহুরি লিয়াকত হোসেনের (৩০) ডান হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলেছে। এছাড়া তার অপর দুই ছেলে রুমন আহমদের (১৮) গলায় ছুরিকাঘাত করেছে এবং সুমন আহমদের (১৫) বাম হাত ভেঙ্গে দিয়েছে। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মখলেছ ও বিপ্লবের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল শুক্রবার রাত ১০টার দিকে ওই বাসায় ঢুকে ভাংচুর শুরু করে। তিনি বলেন, "এসময় লিয়াকত তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তার ডান হাতের কব্জি কেটে ফেলে। তার ভাই রুমনের গলায় ছুরিকাঘাত করে এবং অপর ভাই সুমনের বাম হাত ভেঙ্গে দেয়।" স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চেীধুরী শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার ওইসব চিহ্নিত সন্ত্রাসী এ সময় বাসার মহিলাদেরও লাঞ্ছিত করে। তিনি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এসআই নারায়ণ দত্ত আরো বলেন, "পূর্ব শত্র"তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।" এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/এমআই/১৬২৪ ঘ.