গাজীপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার হয়েছে গাজীপুরে। তারা সন্দেহভাজন সংগঠন হিযবুত তাওহীদের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
কালীগঞ্জ উপজেলা বাজার থেকে শুক্রবার সকালে মো. রফিকুল ইসলাম (৩০) ও আহসান হাবীব (৫০) নামে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুজন সকাল সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ বাজারে হিযবুত তাওহীদের বিভিন্ন বই, লিফলেট ও সিডি বিলি করছিলো। তখন জনতা তাদের আটক করে।
পরে পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে।
জঙ্গি তৎপরতার অভিযোগে দেশে পাঁচটি সংগঠন নিষিদ্ধ। হিযবুত তাওহীদ নিষিদ্ধ না হলেও সন্দেহভাজন তালিকায় আছে।
গ্রেপ্তার দুজন নিজেদের হিযবুত তাওহীদের সদস্য বলে স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
ওসি বলেন, দলটি কোনো ধরনের নাশকতার পরিকল্পনা আঁটছিলো কিনা, তার অনুসন্ধান চালানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24