সাভার, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-আরিচা মহাসড়কে বৃহস্পতিবার রাতে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডের কাছে রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।
নিহতরা সবাই প্রাইভেটকারের আরোহী। এরা হলেন চালক বিল্লাল হোসেন (৩০), রাজধানীর উত্তরার বাসিন্দা আমেরিকা প্রবাসী মোশারফ হোসেন ডালিমের স্ত্রী জাবরীন আক্তার (৩২), তার ছেলে ধ্র"ব (৭), ভাতিজি লিজা খাতুন (২০) এবং ডালিমের শ্যালক মো. সন্ধান (১৭)।
নিহত লিজা খাতুন উত্তরার শান্তামারিয়াম ইউনিভার্সিটির সম্মান প্রথম বর্ষের ছাত্রী।
ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক মো. মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাটবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়িটি ট্রাকের নীচে ঢুকে যায়। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নীচ থেকে প্রাইভেটকারের কিছু অংশ কেটে হতাহতদের উদ্ধার করেন।
তিনি জানান, গুরুতর আহতাবস্থায় সন্ধানকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নিহত ধ্র"ব'র চাচা আব্দুল বারেক জানান, শুক্রবার ভোররাতে তাদের মরদেহ ধামরাই থানা থেকে সাটুরিয়ার হাজিপুর এলাকায় গ্রামের বাড়িতে আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/কিউএইচ/০০৫৫ঘ.
bdnews24