মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে বৃহস্পতিবার রাতে ফেরি ও লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে।
দুর্ঘটনায় লঞ্চ থেকে ছিটকে পড়ে কমপক্ষে তিন যাত্রী নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শরীয়তপুরের উদ্দেশে মাওয়া ঘাট ছাড়ার পরপরই তীব্র স্রোতের টানে লঞ্চটি একটি ফেরির সঙ্গে ধাক্কা খায়।
নিখোঁজ যাত্রীদের মধ্যে রয়েছেন জাজিরার গঙ্গানগরের সেকান্দার ঢালী (২৫)।
এর বাইরে আরো দুজনকে লঞ্চ থেকে পড়ে যেতে দেখেছেন বলে দাবি করেন মনির হোসেন।
লৌহজং থানার ওসি হেলালউদ্দিন রাত ১২টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেভেন স্টার নামে একটি লঞ্চ ফেরির সঙ্গে ধাক্কা লেগে প্রায় অর্ধেক ডুবে যায়। এ সময় কয়েকজন যাত্রী পদ্মার তীব্র স্রোতের মধ্যে পড়ে যান। তাদের একজন তীরে উঠতে পারলেও অন্যদের ভাগ্যে কী হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/০০৪০ঘ.
bdnews24