রাজবাড়ী, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাল্যবিয়ে নিবন্ধন করায় রাজবাড়ীর বালিয়াকান্দির এক গ্রামের কাজিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা এটিএম মাহবুবুল করিম বৃহস্পতিবার তার নির্বাহী হাকিমের ক্ষমতায় এ কারাদণ্ড দেন।
তবে বিয়ের বর ও কনের অভিভাবকরা পলাতক রয়েছে।
মাহবুবুল করিম সাংবাদিকদের বলেন, আইন বহির্ভূত বিয়ে নিবন্ধনের জন্য কাজি শাফিকুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া বর হৃদয় শেখকে (১৮) ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
শফিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর বালিয়াকান্দি উপজেলার তরাকান্দি গ্রামের মোসলেম শেখের ছেলে হৃদয় (১৮) এর সঙ্গে একই উপজেলার হুলাইল গ্রামের নূর মোহাম্মদের ১৩ বছর বয়সী মেয়ের বিয়ে হয়।
এ বাল্য বিয়ের খবর পেয়ে প্রশাসন তৎপরতা চালিয়ে কাজিকে এ শাস্তি দেয়। দেশের আইনে ছেলেদের ২২ বছর ও মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে অবৈধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০০ ঘ.
bdnews24