২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার দুপুরে বিধ্বস্ত হয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়েছে। (আইএসপিআরের বক্তব্যসহ বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 09:07 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বৃহস্পতিবার দুপুরে বিধ্বস্ত হয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়েছে। পুলিশ জানিয়েছে, এফ-সেভেন জঙ্গি বিমানটির আরোহী ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ সানজিদ (২৬) দুর্ঘটনার সময় বিমানটি থেকে লাফিয়ে পানিতে পড়েন। তিনি অক্ষত আছেন। সানজিদের বাড়ি ঢাকায়। পতেঙ্গা থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ বিমান এফ-সেভেন দুপুর সোয়া ২টার দিকে কর্ণফুলী নদীর মেরিন একাডেমী ঘাট ও অপর পাড়ের মাতুব্বর ঘাটের মাঝামাঝি স্থানে বিধ্বস্ত হয়। পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কর্ণফুলী নদীর স্পিডবোট চালক আইয়ুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি মাতুব্বর ঘাটের কাছে বসেছিলান। হঠাৎ দেখি একটি বিমান আকাশে পাক খাচ্ছে। "এর কিছুক্ষণ পর একজন লোক বিমানটি থেকে প্যারাসুট নিয়ে নদীতে পড়েন। তার একটু পরেই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর মাতুব্বর ঘাট থেকে একটি নৌকা নিয়ে তাকে উদ্ধার করি।" বিমানবাহিনীর একটি হেলিকপ্টার সানজিদকে তুলে নিয়ে যেতে দেখেছেন আইয়ুব আলী। কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্র"টির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট লেফটেন্যান্ট সানজিদ অক্ষত থাকলেও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তিকরা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত প্রক্রিয়া চলছে বলেও আইএসপিআর জানায়। দুর্ঘটনার খবর পেয়ে বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল জিয়াউর রহমান চট্টগ্রামে যান। তিনি পাইলট সানজিদের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি উদ্ধার কার্যক্রমের দিক-নির্দেশনা দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/জিএনএ/এমআই/১৮০৬ ঘ.