২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৭ বছর পর পুনর্নির্বাচন

নির্বাচনের সাড়ে সাত বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের এক ওয়ার্ডে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচন হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 08:33 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের সাড়ে সাত বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের এক ওয়ার্ডে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচন হচ্ছে। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর চরবড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, তা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬২০ জন। আদালতের আদেশে এই পুনর্নির্বাচন হচ্ছে। ২০০৩ সালের ৬ ফেব্র"য়ারি অনুষ্ঠিত নির্বাচনের সময় সংঘর্ষের ঘটনায় মামলা হলে আদালত এ রায় দেয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল লতিফ পণ্ডিত (গরুর গাড়ি), আজিজুর রহমান (মাইক) ও মিজানুর রহমান (আনারস) অংশ নিচ্ছেন। আগের নির্বাচনে আজিজুরকে বিজয়ী ঘোষণা হলে মামলা করেন লতিফ পণ্ডিত। এই কেন্দ্র ছাড়া বাকি আটটি কেন্দ্রে চেয়ারম্যান পদে আজিজুর রহমান ৪৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এখন এই কেন্দ্রের ভোটের ওপরই নির্ভর করছে পণ্ডিত ও আজিজের জয়-পরাজয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে দুই প্রার্থীরই সমর্থক ও ভোটারদের ভিড় দেখা যায়। তবে কোনো ধরনের অনিয়ম দেখা যায়নি। ভোট কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিসুজ্জামান। তিনি জানান, ছয়টি কক্ষে ছয়টি বুথে ভোট গ্রহণ চলছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই হচ্ছে। ভোট দিতে আসা অলি আহমেদ (৫০), মোহাম্মদ ফারুক (৪৫), নুরুল ইসলাম (১৯) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, ভোটের পরিবেশ ভালো। কেউ কোনো ধরনের সমস্যা সৃষ্টি করছে না। "তবে লাইনে বেশি সময় দাঁড়াতে হচ্ছে", বললেন নারী ভোটার জান্নাতুল ফেরদাউস (৪০)। ভোট কেন্দ্র এলাকায়ই রয়েছেন দুই মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থক লতিফ পণ্ডিত ও বিএনপি সমর্থক আজিজুর। দুজনেই বললেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা মো. সহিদ উল্যা মিয়া বলেন, বেলা ১১টা পর্যন্ত কোনো ভোটার বা প্রার্থী কোনো ধরনের অভিযোগ করেনি। সকাল সাড়ে ৯টায় কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা নির্বাহী হাকিম মো. আল আমিন। তিনিও বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই ইউনিয়নে আগের ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন আজিজুর। তবে মামলার পর আদালতের নির্দেশে ২০০৬ সাল থেকে তিনি দায়িত্ব ছাড়েন। এদিকে মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোতে আগামী বছরের শুরুতেই নির্বাচনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এই ইউপিতেও তখন আবার নির্বাচন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৫ ঘ.