ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর নীলক্ষেত মোড় ও নিউ মার্কেট এলাকায় কয়েকটি বাসে ভাংচুর চালিয়েছে শিক্ষার্থীরা।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নীলক্ষেত মোড়, নিউ মার্কেট ও ঢাকা কলেজের সামনে বিকল্প পরিবহন ও বিকল্প সুপার সার্ভিসের ছয়টি বাস ভাংচুর করা হয়। তবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় না ঢাকা কলেজের শিক্ষার্থী তা নিশ্চিত হওয়া যায়নি।
রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনেছি নীলক্ষেত মোড়ে দুটি এবং নিউ মার্কেট এলাকায় চারটি গাড়ি ভাংচুর হয়েছে। ভাড়া নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।"
বিকল্প সুপার সার্ভিসের একটি বাসের চালক আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাস থেকে শিক্ষার্থীরা নেমে আমার গাড়িটি ভাংচুর করে।"
তিনি জানান, ভাড়া নিয়ে এর আগে বিকল্প পরিবহনের কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের ঝামেলা হয়। একই মালিকের পরিবহন জানার পরে বিকল্প সুপার সার্ভিসের বাসও ভাঙচুর করা হয়েছে।
ওদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ভাংচুরে জড়িত নয় বলে দাবি করেছেন প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৩৫৩ ঘ.
bdnews24