২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র্র মন্ত্রীর স্বাক্ষর জাল, আভিযুক্ত ২

স্বরাষ্ট্র্র মন্ত্রী সাহারা খাতুনের স্বাক্ষর জাল করে পুলিশের উপর প্রভাব খাটানোর অভিযোগে এক আইনজীবীসহ দুইজনের বিরুদ্ধে আভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 05:51 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র্র মন্ত্রী সাহারা খাতুনের স্বাক্ষর জাল করে পুলিশের উপর প্রভাব খাটানোর অভিযোগে এক আইনজীবীসহ দুইজনের বিরুদ্ধে আভিযোগ গঠন করেছে আদালত। বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন এ অভিযোগ গঠন করেন। অভিযুক্ত দু'জন হলেন- অ্যাডভোকেট মো. আজিজুর রহমান ও মো. আবদুল মান্নান। আজিজুর রহমান থাকেন রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের ১৯ নম্বর বাড়িতে। মো. আবদুল মান্নানের বাসা রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায়। অভিযোগে বলা হয়, আজিজুর রহমান ও আবদুল মান্নান ফায়দাবাদ মৌজার একটি জমিতে নিরাপত্তা প্রদানের জন্য উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার বরাবরে একটি আবেদন করেন। আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রীর স্বাক্ষর ও সিল জাল করে স্বরাষ্ট্র মন্ত্রী সুপারিশ করেছেন বলে দেখানো হয়। অভিযোগে আরো বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে স্বরাষ্ট্র মন্ত্রীর স্বাক্ষর ও সিল জাল করে তা ব্যবহারের মাধ্যমে আজমপুরের দেওয়ান পাড়ার হাজী ইসমাইল হোসেনের জমি দখলের চেষ্টা চালান। তারা পুলিশের উপর অন্যায় প্রভাব বিস্তার করেন। স্বরাষ্ট্র মন্ত্রীর অনুমতি নিয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান সরকার গত বছরের ১ এপ্রিল এই দুইজনের বিরুদ্ধে মামলা করেন। এ বছর ১২ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আসামিরা এখন জামিনে রয়েছেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আক্তারুজ্জামান লাভু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২৩৩১ ঘ.