ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আব্দুল্লাহপুর মোড়ে একটি ফিলিং স্টেশনের পাশে বাসে আগুন লেগে সাতজন আহত হয়েছে। স্বপ্না-শান্ত পরিবহনের বাসটি সায়দাবাদ থেকে ছেড়ে নীলফামারি যাচ্ছিল।
আহতরা হলেন- মিলন (৪৫), রাজু (২৫), ফারুক (১৮), মজিদুল (২২), খায়রুল (২০), আকলিমা (১৫) ও সুভাষ রায় (৩৬)।
আব্দুল্লাহপুর মোড়ের তাছিন ফিলিং স্টেশনের পাশে বাসে আগুনের ঘটনায় এরা আহত হয়ে মেডিক্যালে ভর্তি হয়েছে বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিক্যাল প্রতিবেদক ।
তবে পুলিশ বলছে এ ঘটনায় আহত হয়েছে ছয়জন।
উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুনে ছয়জন আহত হয়েছে। এর মধ্যে মিলনের (৪৫) অবস্থা আশঙ্কাজনক।"
দমকল বাহিনির কর্তব্যরত কর্মকর্তা ডেমোনেস্ট্রেটর মো. আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে আগুন লাগে এবং ৯টা ৪০ মিনিটে তা নিভিয়ে ফেলা সম্ভব হয়।
গাড়িতে আাগুনের কারণ বিষয়ে এসআই আশরাফুল জানান, গাড়ির ভেতরে একটি ছিদ্রযুক্ত অকটেনের কন্টেইনার ছিল। এই কন্টেনার থেকে তেল গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় একজন যাত্রী বাসের মধ্যে সিগারেট জ্বালালে আগুনের সূত্রপাত হয়। গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে।
গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২৩৪১ ঘ.
bdnews24