২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পুলিশ নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

গাইবান্ধায় পুলিশ কনস্টেবল নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 04:34 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

গাইবান্ধা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় পুলিশ কনস্টেবল নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানায় স্থানীয়রা। বুধবার বিকালে এ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জরুরি ফ্যাক্স বার্তা পাঠিয়েছেন সরকারি দলের নেতারা। এর আগে দুপুরে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা গাইবান্ধা পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) কার্যালয়ে গিয়ে নিয়োগ বন্ধের দাবি জানান। ওই সময় তাদের সঙ্গে নিয়োগ কমিটির প্রধান গাইবান্ধার দায়িত্বরত বগুড়ার এসপি হুমায়ন কবির দুর্ব্যবহার করলে নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শামছুল আলম হিরু বলেন, প্রার্থীর কাছ লাখ লাখ টাকা উৎকোচ নিয়েছে নিয়োগ কমিটির কর্মকর্তা ও তাদের সহযোগীরা। তাই এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে এবং যোগ্য প্রার্থীদের নির্বাচিত হওয়ার সুযোগ দিতে পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন। জেলা ছাত্রলীগ সভাপতি তাহমিদুর রহমান বলেন, মঙ্গলবার মৌখিক পরীক্ষা শেষে রাতেই ফলাফল ঘোষণার কথা থাকলেও তা না করে অহেতুক বিলম্ব ও টালবাহানার প্রতিবাদ জানালে এসপি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে উত্তেজিত নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। এ ব্যাপারে কথা বলতে কয়েকবার টেলিফোন করেও এসপিকে পাওয়া যায়নি। গত সোমবার জেলায় ৬৮ জন কনস্টেবল নিয়োগের পরীক্ষা অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে উৎকোচ গ্রহণের অভিযোগে নিয়োগ কমিটির প্রধানের পদ থেকে এসপি শাহাদাত হোসেনকে অব্যাহতি দিয়ে বগুড়ার এসপি হুমায়ন কবিরকে দায়িত্ব দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২২ ঘ.