২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরসভা আইনের সংশোধনী বিল সংসদে উত্থাপন

পৌরসভার সীমানা পুনর্বিন্যাসে প্রতিটি ওয়ার্ডের জনসংখ্যা ১০ শতাংশ তারতম্যের বিষয়টি বিলুপ্ত করে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর সংশোধনী বিল সংসদে উপস্থাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পৌরসভার সীমানা পুনর্বিন্যাসে প্রতিটি ওয়ার্ডের জনসংখ্যা ১০ শতাংশ তারতম্যের বিষয়টি বিলুপ্ত করে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর সংশোধনী বিল সংসদে উপস্থাপিত হয়েছে। বুধবার স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আইন প্রণয়ন কার্যাবলীতে বিলটি উত্থাপন করেন। পরে স্পিকার আবদুল হামিদ পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনদিনের সময় দিয়ে বিলটি স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, বিদ্যমান আইনে কোনো ওয়ার্ডের জনসংখ্যা অন্য ওয়ার্ডের তুলনায় শতকরা ১০ ভাগ কম বা বেশি হতে পারবে না। এই আইন অনুসরণ করা হলে দেশের বহুসংখ্যক পৌরসভার ওয়ার্ড নতুন করে বিভক্তিতে অনেক সময়ের প্রয়োজন হবে। এতে স্থ্ানীয় সরকার (পৌরসভা) নির্বাচন অনুষ্ঠান বিলম্বিত হতে পারে। এছাড়া কতিপয় এলাকা ও মৌজার বা তার কোনো অংশ খণ্ডিত হবে। ফলে স্থানীয় পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিষয়টি জনগণ গ্রহনও করবে না। এসব পরিস্থিতি এড়াতে বিদ্যমান আইনে এই সংশোধনীর প্রস্তাব করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিদ্যমান আইনের ধারা ১৬ এর উপধারা (১) এর 'এবং খেয়াল রাখতে হবে যাতে একটি ওয়ার্ডের লোকসংখ্যা অন্য ওয়ার্ড থেকে শতকরা ১০ ভাগ কম বা বেশি না হয়' শব্দসমূহ, সংখ্যা ও চিহ্ন বিলুপ্ত হবে। গত ৬ সেপ্টেম্বর পৌরসভা আইনের এ সংশোধনী মন্ত্রিসভা নীতিগতভাবে অনুমোদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এইচএ/২১১৩ ঘ.