২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের ভোটার করতে সংসদে বিল

প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে 'ভোটার তালিকা আইন-২০০৯' সংশোধনে সংসদে বিল উত্থাপন করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে 'ভোটার তালিকা আইন-২০০৯' সংশোধনে সংসদে বিল উত্থাপন করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার আইন প্রণয়ন কার্যাবলীতে সংসদে বিলটি উত্থাপন করেন মন্ত্রী। পরে তিনদিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে বিলটি আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠান স্পিকার আবদুল হামিদ। ২০০৯ সালের আইনের সংশোধনীতে ৬ এর উপধারা (১)-এ প্রস্তাব করা হয়েছে, বাংলাদেশি নাগরিক বিদেশে বসবাস করলে তিনি সর্বশেষ যে নির্বাচনী এলাকায় বা ভোটার এলাকায় বসবাস করেছেন অথবা তার নিজ বা পৈতৃক বাড়ি যেখানে ছিলো বা আছে, তিনি সেই এলাকার অধিবাসী বলে গণ্য হবেন। বিলটি আইনে পরিণত হওয়ার সঙ্গে তা কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা যেন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে প্রবাসীদের একটি দীর্ঘদিনের দাবি ছিলো। নির্বাচন কমিশন থেকেও এ বিষয়ে একটি প্রস্তাব পাওয়া গেছে। সব নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ভোটারের অধিকারের দাবির বিষয়টি বিবেচনার উদ্দেশ্যে ভোটার তালিকা আইন-২০০৯ এর সংশোধনের প্রস্তাব করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/পিডি/২০৪৪ ঘ.