ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদ হত্যামামলায় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থল পরিদর্শন করে মামলাটির তদন্ত শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার মামলার তদন্তের দায়িত্ব নেয়ার পর বুধবারই প্রথম কাউকে জিজ্ঞসাবাদ করলো সিআইডি। এছাড়া ঘটনাস্থল পরিদর্শনও প্রথম।
ভোলা-৩ আসনের সাংসদ শাওনের গাড়িতে তার নিবন্ধিত পিস্তলের গুলিতে গত ১৩ অগাস্ট ইব্রাহীমের মৃত্যু হয়।
ইব্রাহীমের মৃত্যুর পরপর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন শাওনের গাড়িচালক কামাল আহমেদ ওরফে কালা।
এরপর ইব্রাহীমের ভাই মাসুম আহমেদ নিু আদালতে সাংসদ শাওন, কামালসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ এনে হত্যা মামলা করেন ১৮ অগাস্ট।
ডিবি পুলিশ শাওনের ব্যক্তিগত সচিব সোহেল আহমেদ এবং গাড়িচালক কালাকে গত ২৯ অগাস্ট গ্রেপ্তার করে। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনদিনের হেফাজতে (রিমান্ড) নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারি পুলিশ সুপার খন্দকার আবদুল হালিম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইব্রাহীমের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ এবং ঘটনাস্থল পরিদর্শনের মধ্যে দিয়ে মূলত তদন্ত শুরু করেছি। এর আগে গোয়েন্দা পুলিশের কাছ থেকে পাওয়া কেস ডকেটগুলো বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে।
তিনি জানান, সিআইডির তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্ত করতে গিয়ে যা যা করা প্রয়োজন তাই করা হবে।
ইব্রাহীম হত্যা মামলার তদন্ত গোয়েন্দা পুলিশ থেকে সিআইডিতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয় শনিবার। দিনটি বাংলাদেশে সরকারি হিসেবে সাপ্তাহিক ছুটির দিন।
রোববার তদন্তের দায়িত্ব পেলেও কেস ডকেট পায় সোমবার। সেদিন থেকে সিআইডি পর্যালোচনা শুরু করে।
গত ১৬ সেপ্টেম্বর মাসিক অপরাধ সভা শেষে সাংবাদিক সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক সরকারদলীয় সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে সাফাই গেয়ে বলেন, "সংসদ সদস্য শাওনের অতীত খারাপ থাকতে পারে। তবে ইব্রাহীমের হত্যার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।"
তার এই বক্তব্য নিয়ে বির্তক দেখা দেয়। এরপর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছ থেকে সিআইডিতে স্থানান্তর করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়।
ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় গত ২ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় একটি হত্যামামলা করেন। এদিনই কালা আদালতে হত্যার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯৪৩ ঘ.
bdnews24