২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা

মাগুড়ার শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুন্সি রেজাউল করিমকে (৩৮) বুধবার হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

মাগুরা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুড়ার শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুন্সি রেজাউল করিমকে (৩৮) বুধবার হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান ও তার লোকজন এই হামলা করেছে বলে রেজাউল করিম অভিযোগ করেন। হাসপাতালে চিকিৎসাধীন রেজাউল করিম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে মশিউর রহমান তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় হাজিরা দিতে সকালে আদালতে যাওয়ার জন্য বাসা থেকে ভ্যানে বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। সাড়ে ৯টার দিকে ওয়াপদা সেতুর কাছে পৌঁছলে মশিউর রহমান লোকজন নিয়ে হাতুড়ি, রড ও লাঠিসোটা দিয়ে তাকে প্রচণ্ড মারধর করেন। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। হামলায় তার ডান হাত ভেঙে গেছে বলে দাবি করেন রেজাউল করিম। মশিউর রহমান হামলার কথা অস্বীকার করে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। নিজ দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষ এ হামলা করে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন। সদর হাসপাতালে ডা. সাইফুর রহমান বলেন, রেজাউল করিমের শরীরের একাধিক স্থানে ফোলা জখম রয়েছে। হাত ভেঙেছে কিনা তা এক্স-রে রিপোর্ট দেখলে বোঝা যাবে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, মুন্সি রেজাউল করিমের সঙ্গে প্রতিপক্ষ গ্র"পের হাতাহাতি হয়েছে বলে তিনি শুনেছেন। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২১ ঘ.