২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারি কৌঁসুলিদের বেতন বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন'

সরকারি কৌঁসুলিদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন আইন মন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কৌঁসুলিদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন আইন মন্ত্রী শফিক আহমেদ। বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগ সাংসদ কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শফিক আহমেদ বলেন, সরকারি কৌঁসুলিদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি একটি উপ-কমিটি গঠন করেছে। এ কমিটি ইতিমধ্যেই প্রতিবেশী দেশ সফর করেছে। ওই দেশে বেতন-ভাতার কাঠামো পর্যালোচনা করে কমিটি একটি প্রতিবেদন দেবে। ওই প্রতিবেদনের পর ভিত্তি করে সরকারি কৌঁসুলিদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকাল ৪ টা ১৬ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কর্মসূচি অনুযায়ী ছিলো প্রশ্নোত্তর পর্ব। আওয়ামী লীগের সাংসদ মোস্তাক আহমেদ রুহির অপর এক প্রশ্নের জবাবে আইন মন্ত্রী জানান, তদন্তে যাদের বিরুদ্ধেই মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া যাবে তাদেরকেই গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। সাংসদ বজলুল হক হারুনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘব ও মামলা জট কমাতে বিচারকের শূন্যপদ পূরণ, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি চালু এবং চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলা মনিটরিং সেলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। আওয়ামী লীগের সাংসদ এ কে এম রহমত উল্লাহর আরেক প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, সুপ্রিম কোর্টে ১৫ বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা ৩৮ হাজার ৩৭৬ টি এবং ১০ বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলার সংখ্যা ৯৫ হাজার ১২১ টি। তিনি বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিচারপতি নিয়োগ ও এজলাসের সংখ্যা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/এইচএ/১৭৪০ ঘ.