ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে থাকা ও কাজ করার অভিযোগে যুক্তরাজ্যে ১০ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।
তাদের শিগগিরই দেশে ফেরত পাঠানো হবে বলে ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়।
বিবৃতিতে আরো জানানো হয়, ব্রিটেনে অবস্থানের জন্য 'ভুয়া' কাগজপত্র দাখিল করার জন্য আরেক বাংলাদেশিকে ছয় মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১৯ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুরো যুক্তরাজ্যে অবৈধভাবে কর্মরত, মিথ্যা বিয়ে, ভুয়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসহ অভিবাসন নিয়ে বিভিন্ন অপরাধ দমনে ব্রিটেন জুড়ে অভিযান চালায় দেশটির বর্ডার এজেন্সি। এ অভিযানের অধীনেই ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
তবে অভিযুক্তদের পরিচয় প্রকাশ করেনি ব্রিটিশ হাই কমিশন। ডার্বি, হেয়ারফোর্ড, স্কেগনেস, মেবলথর্প (লিঙ্কনশায়ার) এবং চেশায়ারের বিভিন্ন রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে বলা হয়, কাজ করার অনুমতি সংক্রান্ত যথাযথ কাগজপত্র ছাড়াই অভিযুক্তদের নিয়োগ করার জরিমানা হিসেবে ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৭ রাখ টাকা) পর্যন্ত দিতে হতে পারে ওইসব রেস্তোরাঁকে।
এছাড়া ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশিকে তার সাজা ভোগের মেয়াদ শেষে দেশে ফেরত পাঠানো হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24