২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা

গাড়িচালকের সিট বেল্ট বাঁধা ও মোটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে এবং গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে সরকার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 09:10 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়িচালকের সিট বেল্ট বাঁধা ও মোটর সাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে এবং গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনের ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে সরকার। আগামী ১ নভেম্বর থেকে এ নিয়ম না মানা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জেল ও জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মঙ্গলবার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। যোগাযোগ মন্ত্রী বলেন, "দুর্ঘটনায় যে প্রাণহানি হয় তার বেশিরভাগই হয় সিট বেল্ট না বাঁধার কারণে। এ ব্যাপারে আইন ও বিধি-বিধান থাকলেও ব্যবহার নেই। এছাড়া হেলমেট না পড়া ও গাড়ি চালানো অবস্থায় চালকের মোবাইল ফোনে কথা বলাও দুর্ঘটনার অন্যতম কারণ।" তিনি বলেন, "নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আইনে কোন প্রতিবন্ধকতা থেকে থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।" আবুল হোসেন বলেন, "ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" বুধবার থেকে ঢাকায় এ উচ্ছেদ অভিযান শুরু করতে পুলিশ কমিশনার ও বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এ অভিযান চালানো হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, "অনেকে ওভারব্রিজ ও আন্ডারপাস থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। এদের ধরে অন্তত ২৪ ঘণ্টা পুলিশ হেফাজতে রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য নতুন আইনের প্রয়োজন হলে আইন তৈরি করতে বলা হয়েছে।" ঢাকা শহরে গাড়ী পার্কিং সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমাদের পার্কিংয়ের সমস্যা রয়েছে। এজন্য ঢাকার কিছু স্থান চিহ্নিত করে কার পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" সিএনজি চালিত যানবাহনের ভাড়া বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে আবুল হোসেন বলেন, "এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো সিদ্ধান্তের পর্যায়ে আসেনি। এ বিষয়ে সিএনজি চালিত যানবাহন ব্যবহারকারী ও সুবিধাভোগীসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৮০৬ ঘ.