২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকদের প্রেষণে নিয়োগও বন্ধ হচ্ছে

সরকার চিকিৎসকদের প্রেষণে নিয়োগও বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার চিকিৎসকদের প্রেষণে নিয়োগও বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি আরো বলেন, গ্রামীণ জনপদে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গত ছয় মাসে গ্রাম থেকে যেসব চিকিৎসক বদলির জন্য আবেদন করেছেন তাদের আবেদন বিবেচনা করা হয়নি। প্রতিমন্ত্রীর উত্তরের আগে বেশ কয়েকজন সংসদ সদস্য বলেন, চিকিৎসকদের গ্রামে নিয়োগ দেওয়া হলে তারা সেখানে থাকতে চান না। যে কারণে গ্রামের জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। আরেক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক জানান, বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৪১। এছাড়া বর্তমানে প্রজনন হার ২ দশমিক ৭। সংসদ সদস্য মাহমুদ উস সামাদ অভিযোগ করে বলেন, "বিশেষজ্ঞ চিকিৎসকদের অনেকেই রোগীদের কাছ থেকে উচ্চহারে ফি নিচ্ছেন। এতে সাধারণ রোগীরা চিকিৎসা পেতে হিমশিম খাচ্ছেন।" জবাবে স্বাস্থ্যমন্ত্রী ডা. হক বলেন, চিকিৎসা সেবা ফি কত হবে তা হালনাগাদ না হওয়ায় অনেক চিকিৎসক মর্জি মাফিক ফি আদায় নিচ্ছেন। এটা সরকারের নজরে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএন/এমআই/২২০৭ ঘ.