২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাওরাকান্দি ফেরিঘাটে যানজট

ফেরি বিকল হওয়া, নাব্যতা সঙ্কট ও পদ্মায় তীব্র স্রোতের কারণে মাদারীপুরে কাওরাকান্দি ফেরিঘাটে যানজট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 01:23 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

মাদারীপুর, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেরি বিকল হওয়া, নাব্যতা সঙ্কট ও পদ্মায় তীব্র স্রোতের কারণে মাদারীপুরে কাওরাকান্দি ফেরিঘাটে যানজট সৃষ্টি হয়েছে। এতে ঈদের পর ঘর থেকে ঢাকামুখী মানুষ ভোগান্তিতে পড়েছে। কাওরাকান্দি ঘাটে সোমবার প্রায় সাড়ে পাঁচশ যানবাহন আটকে থাকতে দেখা যায়। ঘাট থেকে শিবচরের বন্দরখোলা মোড় পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়কে লাইন ধরে দাঁড়িয়ে থাকে গাড়ি। গত তিন-চারদিন দিন ধরে ঘাটে আটকে আছে কয়েকশ' পণ্যবাহী ট্রাক। যাত্রীরা বিকল্প হিসেবে লঞ্চ, স্পিডবোটে অতিরিক্ত বোঝাই হয়ে নদী পার হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাট ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের চেয়ে পারাপারে এখন অতিরিক্ত দুইঘণ্টা সময় বেশি লাগায় এ যানজটের সৃষ্টি হয়েছে। তিনি জানান, বর্তমানে ঘাটে নয়টি ফেরি চলাচল করছে। এছাড়া তিনটি ফেরি মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে। ঘাটে ওই ফেরিগুলো ফিরে এলে এবং সেইসঙ্গে আরো কয়েকটি ফেরি যোগ করা হলে এ যানজট কমানো সম্ভব। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ'র (বিআইডব্লিউটিএ) পরিবহন সুপারিনটেনডেন্ট রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকল হয়ে পড়া দু'টি ফেরি রোববার সকালে চালু হলেও সেদিন আরো দু'টি ফেরি বিকল হয়ে পড়ে। এছাড়া গত চারদিন আগে রো রো ফেরি ভাষা শহীদ বরকতের যান্ত্রিক ত্র"টি সারাই করতে নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে পাঠানো হয়েছে। বিআইডব্লিউটিসি'র কাওরাকান্দি ঘাট কর্মকর্তা শাহনেওয়াজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সচল নয়টি ফেরির মধ্যে দু'টি ফেরি দিয়ে শরীয়তপুরগামী যানবাহন পারাপার হচ্ছে। তাই মাত্র দু'টি ফেরি দিয়ে মাওয়া-কাওরাকান্দি রুটে ঢাকাগামী যানবাহন পারাপার করতে হচ্ছে। এছাড়া পদ্মায় পানি কমতে থাকায় তীব্র স্রোতের কারণেও ফেরিসহ সকল নৌযান চলাচলে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে বলে জানান তিনি। তিনি আরো জানান, নাব্যতা সঙ্কট ও ডুবোচরের কারণে ফেরিগুলোকে মাওয়া-কবুতরখোলা-কাওলিয়ারচর চ্যানেল হয়ে আগের চেয়ে প্রায় ২৫ কিলোমিটার পথ বেশি ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে অতিরিক্ত প্রায় এক থেকে দেড়ঘণ্টা সময় বেশি লাগছে। পারাপারে অতিরিক্ত সময় লাগায় ফেরিগুলোর পারাপারের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। তিনি জানান, ঈদের পাঁচদিন আগে থেকে ফেরি দিয়ে ট্রাক পারাপার বন্ধ করে দেওয়ায় এবং অন্য রুটগুলোতেও যানবাহনের চাপ বেশি থাকায় এই রুটে পণ্যবাহী ট্রাকের চাপ বেড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯০৫ ঘ.