ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ক্ষতি না হয় এমনভাবে বৈদেশিক ঋণ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমেদ।
সোমবার রাজধানীর তোপখানা রোডে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এণ্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
'যৌথ সহায়তা কৌশলের আলোকে বৈদেশিক সাহায্য ও উন্নয়ন কার্যকারিতা' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বেসরকারি সংস্থা এইড অ্যাকাউন্টেবিলিটি গ্র"প।
পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশনের চেয়ারম্যান খলীকুজ্জমান বলেন, "দেশের উন্নয়নের জন্য পরিকল্পনা নিজেদের তৈরি করতে হবে। এজন্য অর্থের প্রয়োজন হলে বিদেশ থেকে নেওয়া যায়। তবে দেশের ক্ষতি হয় এমনভাবে বৈদেশিক ঋণ নেওয়া উচিত নয়।"
তিনি বলেন, "জাতীয় আয়ের প্রায় ১১ শতাংশ রাজস্ব থেকে আসে। নেপালের রাজস্ব আয় ১৪ শতাংশ। তাহলে আমরা কেন বাড়াতে পারি না?"
রাজস্ব আয় আরো এক থেকে দুই শতাংশ বাড়ানোর জন্য কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
খলীকুজ্জমান বলেন, "বিদেশ থেকে যে সাহায্য আসে তা মূলত ঋণ। এ ঋণ নেওয়ার ফলে সুদ দিতে হয়। এ বিষয়টি ভেবে সম্পদ আহরণে নিজেদের আরো তৎপর হতে হবে।"
নিজে শিক্ষানীতি প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, "শিক্ষার ক্ষেত্রে এখনো অনেক বৈষম্য রয়ে গেছে। শিক্ষার্থীরা শুধু পাশ করলেই মানসম্মত শিক্ষা নিশ্চিত হয় না।"
"দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষার গুরুত্ব অনেক। তাই সরকারকে শিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে", বলেন খলীকুজ্জমান।
সাবেক অর্থ উপদেষ্টা এবিএম মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "বৈদেশিক ঋণ নিয়ে কাজ করার ক্ষেত্রে নিজেদের স্বচ্ছতা থাকতে হবে।"
সভায় একজন বক্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "আদমজী জুট মিল বন্ধ হয়েছে দুর্নীতির কারণে। বিশ্বব্যংক, আইএমএফ-এর কথায় তা বন্ধ হয়নি।"
তিনি বলেন, "আদমজী জুট মিলে পাট কেনায় ব্যাপক দুর্নীতির পাশাপাশি খাতা-কলমে শ্রমিক আছে দেখিয়ে বেতন তুলে নেওয়া হতো। কিন্তু বাস্তবে এই শ্রমিক ছিলো না।"
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, "বিশ্বব্যাংক ও আইএমএফ-এর কাছ থেকে উন্নয়নের নামে যে ঋণ নেওয়া হয়, তা ব্যয়ে দুর্নীতি হয়।"
দারিদ্র বিমোচনের নামে এসব ঋণ নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই হয় না বলে মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন পরিকল্পনা তৈরির সঙ্গে জড়িত অনেক অর্থনীতিবিদ বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা উল্লেখ করে তিনি বলেন, "এসব কর্মকর্তা তাদের (বিশ্বব্যাংকের) পরামর্শে কাজ করে, তাহলে দেশের উন্নয়ন হবে কিভাবে?"
সভায় বক্তব্য দেন-সংসদ সদস্য আনিসুল ইসলাম মণ্ডল, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব বিজন কুমার বৈশ্য, সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান, নারী নেত্রী খুশি কবির প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৭০৭ ঘ.
bdnews24