২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল ছাড়াই বসলো সংসদ

বিরোধী দলের অনুপস্থিতিতেই জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 10:39 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের অনুপস্থিতিতেই জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে অধিবেশন শুরু হয়। চলতি অধিবেশনেই বর্ডার গার্ডসহ বেশ কয়েকটি নতুন বিল উত্থাপিত হওয়ার কথা। স্পিকারের আহ্বান সত্ত্বেও প্রধান বিরোধী দল বিএনপি অধিবেশন শুরুর দিন সংসদে যায়নি। মঙ্গলবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সংসদে যাওয়া- না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সংসদে যেতে চাই। কিন্তু সংসদে যাওয়ার কোনো পরিবেশ সরকার এখনো সৃষ্টি করেনি। চলতি অধিবেশন যাওয়া না যাওয়ার বিষয়টি মঙ্গলবার স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। তাই আজ (সোমবার) অধিবেশনে যাওয়ার সুযোগ নেই।" সংসদের এ অধিবেশন আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে। অধিবেশনের উদ্বোধনী দিনের শুরুতে সরকারি দলের প্রথম সারিতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী ও আব্দুল জলিল উপস্থিত রয়েছেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন। সোমবারে দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব ও প্রশ্নোত্তর পর্ব। এছাড়া রিয়াল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা বিল-২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন (সংশোধনী ) বিল-২০১০ ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল-২০১০ সম্পর্কে সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হবে। আইন প্রণয়ন কার্যাবলীতে সংসদে উত্থাপনকৃত অন্য বিলগুলো হচ্ছে- বর্ডার গার্ড বাংলাদেশ বিল-২০১০, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল-২০১০, পরিবেশ আদালত বিল-২০১০ ও জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বিল-২০১০। সংসদের পঞ্চম অধিবেশন (বাজেট অধিবেশন) শেষ হয় ২২ জুলাই। বিরোধী দল ওই অধিবেশনের প্রথম দিন ২ জুন কিছু সময়ের জন্য অংশ নিয়ে ওয়াকআউট করে। এরপর তারা আর সংসদে ফেরেনি। এর আগে দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে টানা অনুপস্থিত ছিলো বিরোধী দল। চতুর্থ অধিবেশনেও বেশ কিছু দিন অংশ নেয় তারা। সংসদের আইন বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নবম সংসদের পঞ্চম অধিবেশন পর্যন্ত মোট ১৫৮ কার্যদিবসের মধ্যে বিরোধী দলের সদস্যরা ১১৪ দিনই অনুপস্থিত ছিলেন। এর মধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মাত্র পাঁচ দিন সংসদে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩৩ ঘ.