২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোরো সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না

ঝিনাইদহ জেলায় বোরো সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 08:25 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ জেলায় বোরো সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। সংগ্রহ মূল্যে প্রতি কেজিতে ৩ টাকা বোনাস ঘোষনা করার পরও সরকারি খাদ্য গুদামগুলোতে মিল মালিকেরা চাল সরবরাহ করছে না। এদিকে খাদ্য অধিদপ্তর জেলার ২১৭ জন চালকল মালিকের লাইসেন্স কেন বাতিল করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলায় ২ হাজার ৭ শ ৬২ মেট্রিক টন ধান ও ১৯ হাজার ৩ শ ২৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয় গত ১ এপ্রিল। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ১৭ টাকা এবং চালের মূল্য ২৫ টাকা নির্ধারণ করা হয়। প্রথম দিকে নতুন বোরো ধান উঠার পর দাম কম থাকায় কিছু কিছু ধান-চাল সংগ্রহ করা সম্ভব হয়। এরপর দাম বাড়তে থাকলে সরকারি সংগ্রহ কেন্দ্রে ধান-চাল বিক্রিতে ব্যবসায়ী ও চাষীদের অনাগ্রহ বাড়তে থাকে। জুলাই মাসে প্রতি কেজি চালের উপর ৩ টাকা করে বোনাস মূল্য ঘোষণা করা হয়। এতে প্রতি কেজি চালের সংগ্রহ মূল্য বেড়ে ২৮ টাকা হয়। প্রথমে বোরো সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে সময় আরো বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। এতেও সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। জেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৪শ' ৬২ মেট্রিক টন চাল ও মাত্র ১০ মেট্রিক টন ধান সংগ্রহ সম্ভব হয়েছে। বাকি ১০ দিনের মধ্যে সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন কোনোভাবেই সম্ভব নয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাবিবুর রহমান জানান, বর্তমানে প্রতি কেজি মোটা চাল বাজারে ৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে। এ জন্য মিল মালিকরা চুক্তি থাকার পরও সরকারি গুদামে চাল বিক্রি করছেন না। তিনি আরো বলেন, ৩ শ ২২ জন মিল মালিক চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের কাছে আবেদন করলে তাদের আবেদন মঞ্জুর করা হয় এবং বরাদ্দ নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে মাত্র ১০৫ জন মিল মালিক চাল সরবরাহের জন্য সরকারের সাথে চুক্তি করেন। বাকি ২১৭ জন মিল মালিকই কোন চুক্তি করেননি। অন্যদিকে চুক্তিবদ্ধ মিল মালিকদের মধ্যে ৫১ জন মালিক কোনো চাল সরবরাহ করেননি। হাবিবুর রহমান বলেন, "আইনের বিধান আছে লাইসেন্সধারী মিল মালিকদেরকে সরকারের কাছে ধান চাল বিক্রি করতে হবে। আইনের এ বিধান লঙ্ঘন করায় তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না-এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪১৯ ঘ.