ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার একটি গ্রামে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, উপজেলার চিলোকুট গ্রামে সোমবার সকাল ৮টার দিকে এ সংঘাত বাধে। ঘটনাস্থল থেকে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুরুতর আহত মো. আহমেদ মোয়াজ্জেম (৫৫), ফেরদৌস মিয়া (৫২), বাছির মিয়া (৫০) ও হানিফ মিয়াকে (৪০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেরদৌস ও হানিফ পুলিশের গুলিতে আহত হন।
আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন জানিয়ে সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিলোকুট প্রাইমারি স্কুল মাঠে কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে কয়েকজন ছেলের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে সোমবার গ্রামের দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
তিনি জানান, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সঞ্জয় সরকারের নেতৃত্বে একদল পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে ১৮ রাউন্ড শটগানের গুলি এবং তিন রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়।
বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও নতুন সংঘর্ষের আশঙ্কায় চিলোকুট গ্রামে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি হামিদুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১২৪২ ঘ.
bdnews24