২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

দেশব্যাপী পলিথিন বিরোধী অভিযানের প্রথম দিন রোববার রাজধানীর তিনটি মার্কেট থেকে প্রায় এক টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 04:38 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী পলিথিন বিরোধী অভিযানের প্রথম দিন রোববার রাজধানীর তিনটি মার্কেট থেকে প্রায় এক টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। এ সময় বিক্রেতা ও মজুদকারীদের ৬০ হাজার টাকা জরিমানাও করা হয়। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম হোসেনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর গুলশান ১ ও ২ নম্বরে ডিসিসি'র কাঁচা বাজার ও বনানী কাঁচা বাজারে এ অভিযান চালায়। ঢাকা মহানগর পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে। পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (ঢাকা বিভাগ) সুকুমার বিশ^াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত সকালে গুলশান-২ নম্বরে ডিসিসি মার্কেটের পাঁচজন বিক্রেতা ও মজুদকারীর বিরুদ্ধে মামলা করে তাৎক্ষণিক ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করে। পরে গুলশান-১ নম্বর কাঁচা বাজারে পলিথিন বিক্রি ও মজুদের দায়ে মোল্লা প্লাস্টিক স্টোরের মালিক আতাউর রহমানকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে নেসারিয়া প্রোটিন হাউজের মালিক নজরুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বনানী কাঁচা বাজারের আবুল কার্টনের মালিক আব্দুল বাসেদকে পলিথিন ব্যাগ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জারিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক জানান, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ অভিযান চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/ডিডি/এইচএ/২২৩১ ঘ.