ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যা পরিস্থিতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী ও কর্মকর্তাদের সব ছুটি বাতিল করা হয়েছে।
পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেছেন, পাউবো কর্মকর্তা ও প্রকৌশলীদের নিজ নিজ কর্মস্থলে থেকে বন্যা মোকাবেলায় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দেয়। পানি এখন কিছুটা কমতে শুরু করলেও বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। এতে বাড়ি ঘর হারিয়েছে কয়েকশ পরিবার।
তবে বন্যা পরিস্থিতি মারাত্মক নয় বলে কয়েকদিন আগে বলেছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক।
পানিসম্পদমন্ত্রী বলেন, এ বছর হিমালয়ের পাদদেশে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এ কারণে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে।
খাদ্যমন্ত্রীর মতো পানিসম্পদমন্ত্রী বলেন, তা উদ্বেগজনক পর্যায়ে নেই। তবে নদী ভাঙনের কথা স্বীকার করে তিনি বলেন, ভাঙন প্রতিরোধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
ভাঙন রোধে সব অঞ্চলের প্রধান প্রকৌশলীর কাছে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রয়েছে জানিয়ে রমেশ বলেন, "এ কাজে কোনো গাফিলতি হলে কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
বিভিন্ন এলাকায় বাঁধ মেরামতের উদ্যোগের কথা জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, এসব কাজ করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন। সরকার ইতোমধ্যেই ৩২টি প্রকল্প একনেকে অনুমোদন করেছে। আরো ২০টি প্রকল্প অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল ১০টা পর্যন্ত যমুনা নদী বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে, পদ্মা নদী গোয়ালন্দ ও ভাগ্যকূলে, আড়িয়াল খাঁ নদী মাদারীপুরে, কুশিয়ারা নদী অমলশিদ, শেওলা ও শেরপুরে এবং সুরমা নদী কানাইঘাটে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬১৬ ঘ.
bdnews24