ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসচাপায় সহপাঠী আহত হওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের একদল শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, রোববার সকাল ৯টার দিকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় কলেজটির এক ছাত্রী আহত হয়। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই কলেজের একদল শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত অবরোধ প্রত্যাহার হয়নি।
অবিলম্বে কলেজের সামনে মহাসড়কে গতিরোধক নির্মাণের দাবিতে মিছিল করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সঞ্জয় সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অবরোধের ফলে ঘটনাস্থলের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৪২ ঘ.
bdnews24