মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মাদক ব্যবসায় বিরোধের জেরে' মুন্সীগঞ্জ শহরতলীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক তরুণ খুন হয়েছেন।
শনিবার রাতে পঞ্চসার ইটখোলা এলাকায় নিহত ওই তরুণের নাম ওমর শিকদার (৩০)। তিনি সদর উপজেলার নতুনগাঁও গ্রামের মো. মল্লিক শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানায়, রাত ৯টার দিকে গণকপাড়া এলাকার কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে ওমরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শফিকুল ইসলাম বলেন, নিহত ওমর মাদকাসক্ত। তিনি মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসায় বিরোধের জেরে তাকে খুন করা হয়ে থাকতে পারে।
তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। কয়েক মাস আগে ওমর ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৬ ঘ.
bdnews24