ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নেশার টাকা না পেয়ে ওই তরুণ ছাদ থেকে লাফিয়ে পড়ে বলে তার স্বজনরা জানিয়েছে। পুলিশও বলছে, এটি আত্মহত্যারই ঘটনা।
নিহতের নাম তৌহিদ জামাল। শুক্রবার রাতে মোহাম্মদীয়া হাউজিং এলাকার ১ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তৌহিদ ঢাকা কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাথমিকভাবে মৃতদেহ ও আলামত দেখে আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
তৌহিদের স্বজনদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, "তৌহিদ নানা ধরনের নেশা করতো। নেশার টাকার জন্য সে প্রায় বাসায় অশান্তি করতো। গতকাল রাতেও সে গভীর রাতে বাসায় ফিরে ছাদে গিয়েছিলো নেশা করতে।"
এ বিষয়ে তৌহিদের ভাই মোস্তাক জামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুধু বলেন, "তৌহিদের দাফনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা খুবই শোকাহত।"
এর বেশি আর কিছু বলতে রাজি হননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/২১০০ ঘ.
bdnews24