২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আট ডাকাত গ্রেপ্তার

খুলনা নগরী এবং বাগেরহাটের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের আটজন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 09:54 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

খুলনা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরী এবং বাগেরহাটের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের আটজন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ দুই লাখ ৩৫ হাজার টাকা, দরজা ও লকার ভাঙ্গার বিভিন্ন যন্ত্রপাতি এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আবুল কালাম মাঝি (৪২) ও তার স্ত্রী রাজিয়া বেগম (৩২), নান্না মিয়া ওরফে নান্নু শেখ (৫০) তার দ্বিতীয় স্ত্রী রেহেনা ওরফে রোজী (৩০) ও তার বোন রীনা (২৮), শফিকুল (৪০), মন্টু (৩৮) এবং শহীদুল (৩৫)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের উপ-পুলিশ কমিশনার (সদর) জুলফিকার আলী হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৭ সেপ্টেম্বর খুলনা মহানগরীর কেডিএ এভিনিউয়ে বাংলালিংক ও রবি মোবাইল ফোন কোম্পানির দুই ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে সোনাডাঙ্গা থানায় দুটি মামলা হয়। জুলফিকার আলী আরো জানান, গত বুধবার সন্ধ্যায় কেএমপির গোয়েন্দা পুলিশ নগরীর রূপসা স্ট্যান্ড রোড থেকে আবুল কালাম মাঝি ও তার স্ত্রী রাজিয়া বেগমকে নগদ ৩৫ হাজার টাকা ও একটি চোরাই মোবাইল ফোন সেটসহ গ্রেপ্তার করে। কালাম ও রিজিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিনই নান্নু শেখের দ্বিতীয় স্ত্রী রেহেনা ওরফে রোজী এবং তার বোন রীনাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রোজী ও রীনার ঘর তল্লাশি করে দরজা ও লকার ভাঙ্গার বিভিন্ন ধরণের যন্ত্রপাতি, স্বর্ণ মাপার নিক্তি ও বাটখারা উদ্ধার করা হয়। জুলফিকার আলী বলেন, রোজী ও রীনার দেওয়া তথ্যের ভিত্তিতে ১ লাখ ৯০ হাজার টাকাসহ শফিকুলকে (৪০) গ্রেপ্তার করা হয়। পরে মাস্টার পাড়া তৃতীয় গলি থেকে নান্নু শেখকে (৫০) গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে মন্টু (৩৮) এবং শরণখোলা থেকে শহীদুলকে (৩৫) ১০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে, বাংলালিংক ও রবি মোবাইল ফোন কোম্পানির ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে চুরির সঙ্গে তারা আটজনসহ মোট ১৭জন জড়িত রয়েছে । গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী ও যশোরসহ দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আলীমুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আট ডাকাতকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে। এই ডাকাতরা ২০০৮ সালে ঢাকার ব্র্যাক ব্যাংক থেকে কয়েক হাজার ভরি স্বর্ণ ও রৌপ্য ডাকাতি করে বলে জানায় গোয়েন্দা পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৫৫১ ঘ.